গতকাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের সিরিজ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে ডাকসুর জিএস এস এম ফরহাদ “পাকিস্তানের হারে যারা নগ্ন উল্লাস করতে পারে তারাই সত্যিকারের ভারতীয় দালাল।” শীর্ষক মন্তব্য করেছেন।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এস এম ফরহাদ “পাকিস্তানের হারে যারা নগ্ন উল্লাস করতে পারে তারাই সত্যিকারের ভারতীয় দালাল।” শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত এস এম ফরহাদ এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ২০ মে একই দাবির একটি ফটোকার্ড প্রথম প্রচার হতে দেখা যায়।
পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে ‘This is Gupto TV। একটি Satire & Parody platform । All contents are for entertainment purpose only। আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও Parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, এস এম ফরহাদ “পাকিস্তানের হারে যারা নগ্ন উল্লাস করতে পারে তারাই সত্যিকারের ভারতীয় দালাল।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto Television: Facebook Post


