জামারাতে গিয়ে জামায়াত নেতাদের মাথায় পাথর নিক্ষেপ দাবিতে এশিয়া পোস্টের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘জামারাতে গিয়ে শয়তান দেখতে না পেয়ে জামায়াত নেতাদের মাথায় পাথর নিক্ষেপ আটক ৫ প্রবাসী হাজী: সৌদি পুলিশ’ শীর্ষক দাবিতে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের ফটোকার্ড ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামারাতে গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করার সময় জামায়াত নেতাদের মাথায় পাথর নিক্ষেপের মতো কোনো ঘটনা ঘটেনি এবং এশিয়া পোস্টও এমন কোনো তথ্য বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এশিয়া পোস্ট কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের লোগো রয়েছে। এছাড়াও, প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ২৯ মে, ২০২৬।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে এশিয়া পোস্টের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এশিয়া পোস্টের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এশিয়া পোস্টের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
গত ৩০ মে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এশিয়া পোস্ট এ ধরনের কোনো ফটোকার্ড পোস্ট করেনি বলে গণমাধ্যমটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
অর্থাৎ, এশিয়া পোস্টের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। কিংবা অন্য কোনো বিশ্বস্তসূত্র থেকে কিংবা কোনো গণমাধ্যমেও এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, জামারাতে শয়তান না পেয়ে জামায়াত নেতাদের মাথায় পাথর নিক্ষেপ দাবিতে এশিয়া পোস্টের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangladesh-Jamaat-e-Islami – Facebook page
- Asia Post- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis

