ওসমান হাদিকে জড়িয়ে তিশার মন্তব্য দাবিতে ঢাকা পোস্টের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে জড়িয়ে ঢাকা পোস্টের ফেসবুক পেজ থেকে প্রচারিত ফটোকার্ড দাবিতে একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকা পোস্টের ডিজাইন ও লোগো সংবলিত ফটোকার্ডটিতে লেখা রয়েছে, “শহীদ ওসমান বিন হাদি আমার যেই উপকার করেছে ফারুকীও পারেনি”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নুসরাত ইমরোজ তিশা ‘শহীদ ওসমান বিন হাদি আমার যেই উপকার করেছে ফারুকীও পারেনি’ শিরোনামে ঢাকা পোস্ট এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ঢাকা পোস্টের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ঢাকা পোস্টের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৯ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ঢাকা পোস্টের  ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ঢাকা পোস্টের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১৯ ডিসেম্বর নুসরাত ইমরোজ তিশাকে উদ্ধৃত করে ‘শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

ঢাকা পোস্টের মূল ফটোকার্ডটিতে ‘শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘শহীদ ওসমান বিন হাদি আমার যেই উপকার করেছে ফারুকীও পারেনি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। তাছাড়া, ঢাকা পোস্টের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, ঢাকা পোস্টের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদির একটি ছবি প্রকাশ করে নিজের শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।’

ঢাকা পোস্ট ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং, নুসরাত ইমরোজ তিশাকে উদ্ধৃত করে ‘শহীদ ওসমান বিন হাদি আমার যেই উপকার করেছে ফারুকীও পারেনি।’ শিরোনামে ঢাকা পোস্টের নামে প্রচারিত এই ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: