সম্প্রতি, ‘টিএমএসএস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি’ শিরোনামে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নামে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত অপর নিয়োগ বিজ্ঞপ্তির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, টিএমএসএসের পক্ষ থেকে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বরং, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তি যাচাই:
অনুসন্ধানের শুরুতে ফেসবুকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বেসরকারী শিক্ষা সংস্থা প্রকল্প টিএমএএস স্কুল। বাংলাদেশের প্রতিবন্ধী, দুস্থ, গরিব, এতিম, অসহায় ও পথশিশুদের মাঝে শিক্ষার আলো পৌছে দেওয়ার লক্ষে। বাংলাদেশ সরকারের “শিক্ষা অধিদপ্তর” কর্তৃক অনুমতি সাপেক্ষে দাতা সংস্থা “আল-মাকতুম ফাউন্ডেশন, ১১৮ আল মানখুল রোড়, দুবাই, সংযুক্ত আরব আমিরাত” এবং আমেরিকা এর সহায়তায় গণশিক্ষা প্রকল্প টিএমএএস স্কুল। বাংলাদেশের সকল জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপনের মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালনা করবে। উক্ত প্রকল্পে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদসমূহে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে:
দুইটি পদে চাকরি নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং পাশাপাশি বেতন স্কেলও দেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিএমএসএস স্কুলটি দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত হয় এই প্রতিষ্ঠানটি বগুড়া ঠেঙ্গা মারার সাথে কোনো সম্পৃক্ততা নেই এটি দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত গণশিক্ষা প্রকল্প। ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬
আগ্রহী প্রার্থীদের আগামী ১৭/০৩/২০২৬ ইং তারিখের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক ১টি জীবনবৃত্তান্ত (CV) এই ই-মেইলে ([email protected]) | পাঠাতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি ([email protected]) লক্ষ্য করলে দেখা যায়, এটি কোনো প্রাতিষ্ঠানিক ইমেইলের ঠিকানা নয়, বরং এটি একটি সাধারণ জিমেইল অ্যাকাউন্ট; যা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে সন্দেহ তৈরি করে।
ইন্সটাগ্রামে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি:
অনুসন্ধানের ইন্সটাগ্রামে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার।

এই বিজ্ঞপ্তিতে চারটি পদে চাকরি নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং পাশাপাশি বেতন স্কেলও দেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি হলো মোহাম্মদপুর ৬ নম্বর রোড, বাড়ি নম্বর ১২, ঢাকা ১২০৬।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/০৩/২০২৬ ইং তারিখের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক ১টি জীবনবৃত্তান্ত (CV) এই ই-মেইলে ([email protected]) | পাঠাতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি ([email protected]) লক্ষ্য করলে দেখা যায়, এটি কোনো প্রাতিষ্ঠানিক ইমেইলের ঠিকানা নয়, বরং এটি একটি সাধারণ জিমেইল অ্যাকাউন্ট; যা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে সন্দেহ তৈরি করে।
পরবর্তীতে টিএমএসএসের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির একটি ইমেইল ঠিকানার খোঁজ মেলে। ঠিকানাটি হলো- [email protected]। উক্ত ইমেইল ঠিকানার সাথে আলোচিত ইমেইল ঠিকানা দুইটির মিল নেই।
অর্থাৎ, প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানা দুইটি টিএমএসএসের ইমেইল ঠিকানা নয়।
এছাড়া, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ‘টিএমএসএস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি’ শীর্ষক কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে, টিএনএসএস এর অফিসিয়াল ফেসবুক পেজে ২০২৫ সালের ২১শে জুলাই “সতর্কীকরণ বিজ্ঞপ্তি” শীর্ষক শিরোনামে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে টিএমএসএস জানায়, ‘এতদ্বারা বাংলাদেশের সচেতন সহৃদয়বান ব্যক্তিবর্গকে অবহিত করা যাচ্ছে যে, বাংলাদেশে বছরে কমপক্ষে ৩০ লক্ষ মানুষ বেকার-এ পরিণত হচ্ছে। এ বেকারগণের একটি অংশ প্রতিষ্ঠানের নাজুকতা, স্বীয় অযোগ্যতা জনিত কারণে বেকার। আরেকটি অংশ প্রত্যাশিত শিক্ষাকাল সমাপ্ত অন্তে নতুন বেকার। এই বেকার জনগোষ্ঠীর দিনদুনিয়া, বাস্তবতা বিষয়ে অজ্ঞতা, অসতর্কতা জনিত কারণে তারা অনিয়ম, অন্যায় এবং অ-আইনানুগভাবে জীবনযাত্রা নির্বাহ করতে উদ্ধত হচ্ছে, চাঁদাবাজি, ছিনতাই করছে; দেশের আইন-শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে। তাদের জীবনের লক্ষ্য নিশ্চয়তাহীন জনিত কারণে হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন প্রকার গুরুতর অপরাধ, অন্যায়ের সঙ্গে জড়িত হয়। এর মধ্যে একটি অপরাধের প্রতি টিএমএসএস উদ্বিগ্নতা প্রকাশ করছে তা হচ্ছে, টিএমএসএস-এর নামে ভুয়া চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিশেহারা বেকার-এর নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। ফলে ব্যর্থ বেকারগণ টিএমএসএস-এর প্রতি বিরুপ এবং বিরোধীতায় লিপ্ত হচ্ছে। তাই টিএমএসএস-এর ভেরিফাইড ফেসবুক পেজ https://www.facebook.com/globaltmss ওয়েবসাইট https://www.tmss-bd.org এবং মূলধারার পত্রিকা ছাড়া অন্য কোনো প্রকাশনার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিতে অর্থ ও সময় ব্যয় এবং আশা-ভরসা না করার জন্য কঠোরভাবে সতর্কীকরণ করা হলো।’
সুতরাং, টিএমএসএসের নামে ইন্টারনেটে প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- TMSS – Facebook Post


