মিশর-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে জার্মানীর সাবেক ফুটবলার টনি ক্রুসের ভুয়া মন্তব্য প্রচার 

গত ০৭ জুলাই মিশর ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আর্জেন্টিনাকে প্রশংসা করে জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুস “মানুষ অনবরত রেফারি এবং ভিএআর (VAR) নিয়ে কথা বলছে, কিন্তু আপনি যদি পক্ষপাতহীনভাবে ম্যাচটি দেখেন, তবে বুঝতে পারবেন আর্জেন্টিনার এই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোটা ছিল তাদের খেলার তীব্রতা, গুণগত মান এবং মানসিকতার ফল। শেষ বাঁশি বাজা পর্যন্ত তাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল, যেখানে মিশর ম্যাচের প্রথম দিকে দেখানো সেই একই পারফরম্যান্স ধরে রাখতে পারেনি।” “রেফারিদের সিদ্ধান্ত নিয়ে সবসময়ই বিতর্ক থাকবে এবং এটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচটিকে ‘চুরি করা’ বলা কিংবা পুরো টুর্নামেন্ট আর্জেন্টিনার হাতে তুলে দেওয়া হচ্ছে – এমন মন্তব্য করা মাঠে থাকা প্রতিটি খেলোয়াড়ের প্রতি অবিচার। খেলোয়াড়রা তাদের পারফরম্যান্স দিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে, কোনো ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে নয়।” “পরাজয়ের পর সবচেয়ে কঠিন কাজ হলো এটা মেনে নেওয়া যে, ম্যাচের চূড়ান্ত মুহূর্তগুলোতে প্রতিপক্ষ দল বেশি ভালো খেলেছে। চাপের মুখে আর্জেন্টিনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তার জন্য তারা অবশ্যই কৃতিত্ব পাওয়ার যোগ্য, আর মিশরের উচিত তাদের এই পারফরম্যান্স নিয়ে গর্ব করা এবং একই সাথে যেসব ভুলের খেসারত দিতে হয়েছে সেগুলো থেকে শিক্ষা নেওয়া। ফুটবল এমনই।” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি গণমাধ্যম সহ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন- স্টার ‍নিউজ (ইনস্টাগ্রাম), অলরাউন্ডার

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিশর ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আর্জেন্টিনাকে প্রশংসা করে জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুস কোনো মন্তব্য করেননি বরং, তার নামে প্রচারিত বক্তব্যটি প্রথমে একটি স্যাটায়ার বা প্যারোডি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়; যা পরবর্তীতে বাস্তব দাবিতে গণমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে আলোচিত মন্তব্যটির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি টনি ক্রুসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও (ফেসবুক, ইনস্টাগ্রাম) এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Saga’ নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ০৮ জুলাই দুপুর ০২ টা ১০ মিনিটে উক্ত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করতে দেখা যায়নি।

‘Saga’ নামক একটি এক্স অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি স্যাটায়ার বা প্যারোডি অ্যাকাউন্ট।

সুতরাং, মিশর ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে টনি ক্রুসের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া।

তথ্যসূত্র

Share: