জামায়াত ও দলটির আমীরকে জড়িয়ে তনির বক্তব্য দাবিতে বাংলাভিশনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনিকে উদ্ধৃত করে ‘জামায়াতে আমির ও দলের এত বিশাল জনপ্রিয়তা আমি আগে জানতামনা’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত ইসলামী ও দলটির আমীর ড. শফিকুর রহমানকে জড়িয়ে রোবাইয়াত ফাতিমা তনির বক্তব্য দাবিতে বাংলাভিশন এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। এছাড়া, রোবাইয়াত ফাতিমা তনিও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলাভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২০ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। মূলত, এই ফটোকার্ডটিতে থাকা ‘জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি তনির’ বাক্যের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘জামায়াতে আমির ও দলের এত বিশাল জনপ্রিয়তা আমি আগে জানতামনা-তনি’ শীর্ষক বাক্য বসিয়ে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

বাংলাভিশন ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং, রোবাইয়াত ফাতিমা তনি ‘জামায়াতে আমির ও দলের এত বিশাল জনপ্রিয়তা আমি আগে জানতামনা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: