নির্বাচনের বিরুদ্ধে নয়, এটি মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে বিএনপির মশাল মিছিলের ভিডিও 

সম্প্রতি ‘১২ তারিখের নির্বাচন মানি’না মানবো না……. #NoBoatNoVote জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ক্যাপশনে আসন্ন জাতীয় নির্বাচনের বিরুদ্ধে মশাল মিছিল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে নির্বাচনের বিরুদ্ধে মশাল মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের নভেম্বরে মেহেরপুর-২ আসনের মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে বিএনপির মশাল মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Bijoy Rahaman নামক টিকটক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১২ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন পুনঃবিবেচনার দাবি ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে বিএনপির প্রার্থী মনোনীত করতে উপজেলা ও পৌর বিএনপির মশাল মিছিলের দৃশ্য।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি এবং এটি নির্বাচন বিরোধী কোনো মিছিলের দৃশ্য নয়।

পরবর্তীতে, মেহেরপুর জেলা ভিত্তিক ফেসবুক পেজ PressHouse24 এ ২০২৫ সালের ১১ নভেম্বর প্রকাশিত একটি সরাসরি সম্প্রচারেও একই ধরণের দৃশ্য দেখা যায়।

সুতরাং, আসন্ন নির্বাচনের বিরুদ্ধে সাম্প্রতিক মশাল মিছিলের দৃশ্য দাবিতে ২০২৫ সালের নভেম্বরে মেহেরপুর-২ আসনের মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে বিএনপির মশাল মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷

তথ্যসূত্র

Share: