‘এইসব ছাত্র আন্দোলন বলতে কিছুই ছিলো না, এটা পুরোটাই আমেরিকান ডিপস্টেটের খেলা’ শীর্ষক মন্তব্য করেননি তৌহিদ হোসেন

সম্প্রতি, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ‘এইসব ছাত্র আন্দোলন বলতে কিছুই ছিলো না, এটা পুরোটাই আমেরিকান ডিপস্টেটের খেলা’ মন্তব্য করেছেন বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি তৌহিদ হোসেন করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, তার সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto Television” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ২৫ মে একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “This is Gupto TV | একটি Satire & Parody platform. All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।” এছাড়া, পেজটিতে পূর্বেও এ ধরনের একাধিক তথ্য-প্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (, , ) প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ও মার্কিন চুক্তির সমালোচনা করে যমুনা টেলিভিশনকে একটি সাক্ষাৎকার দেন তৌহিদ হোসেন। সরকার পরিচালনার ক্ষেত্রে ডিপ স্টেট সক্রিয় ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন “ডিপ স্টেট পৃথিবীর প্রতিটা ঘটনার সাথেই জড়িত থাকে। কিন্তু তৌহিদ হোসেনকে পুরো সাক্ষাৎকার জুড়ে “এইসব ছাত্র আন্দোলন বলতে কিছুই ছিলো না, এটা পুরোটাই আমেরিকান ডিপস্টেটের খেলা” শীর্ষক মন্তব্য করতে দেখা যায় নি।

সুতরাং, তৌহিদ হোসেনকে উদ্ধৃত করে ছাত্র আন্দোলন এর সাথে ডিপ স্টেটকে জড়িয়ে প্রচারিত মন্তব্যটি মিথ্যা ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: