আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেননি স্পিকার

সম্প্রতি, ‘পুলিশ হ/ত্যা/র বিচার শুরু; আ.লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ ‘স্পিকার হাফিজ উদ্দিনের’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুলাই আন্দোলনের পুলিশ হত্যার বিচার শুরু হয়নি এবং জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশও দেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই বেশ কিছু অপ্রাসঙ্গিক ফুটেজ যুক্ত করে আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, জাতীয় সংসদের স্পিকার কোনো রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন না।

গতকাল ৩০ মার্চ জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নাকচ করে বলেন, ‘অভ্যুত্থানকারীদের ওপর, আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মত ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে— তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে; কিন্তু সেটা যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়ে গেছে।’।

সুতরাং, জুলাই আন্দোলনের পুলিশ হত্যার বিচার শুরু হয়েছে এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: