মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে গত ২২ জুন চীনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় চীনে তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে মূল ধারার সংবাদমাধ্যম দেশ টিভির ফেসবুক পেজে দাবি প্রচার করা হয়েছে যে, ‘ট্রাম্পকে নয় তারেক রহমানকে দেয়া হলো লাল গালিচা সংবর্ধনা’।
উল্লেখ্য যে, গত ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেছিলেন।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেশ টিভি।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের মতো সাম্প্রতিক চীন সফরে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি শীর্ষক দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ১৩ মে ডোনাল্ড ট্রাম্পের চীন আগমনে লাল গালিচার সংবর্ধনার সাথে সামরিক ব্যান্ড ও শিশু/তরুণ-তরুণী দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘Mo News’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৩ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় সংবর্ধনা জানাতে দেখা যায়। এ বিষয়ে ইনস্টাগ্রাম পোস্টটিতে বলা হয়, ‘বুধবার (১৩ মে) রাতে চীনের বেইজিংয়ে পৌঁছালে [মার্কিন] প্রেসিডেন্ট ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, যেখানে একটি সামরিক ব্যান্ড এবং লাল, সাদা ও নীল রঙের পোশাক পরা ৩০০ তরুণ-তরুণী চীনের পতাকা নেড়ে তাকে স্বাগত জানায়।’ (অনূদিত)

এছাড়াও, অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’ এর ওয়েবসাইটেও এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘[চীনা] প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ (হাই-স্টেকস) বৈঠকে বসার আগে, বুধবার (১৩ মে) বেইজিংয়ে অবতরণ করার পর [মার্কিন] প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি সামরিক অনার গার্ড, ব্যান্ড দল এবং মার্কিন ও চীনের পতাকা হাতে শিশুদের দিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।’ (অনূদিত)
পাশাপাশি, চীনে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার বিষয়ে সেসময় দেশি গণমাধ্যমেও সংবাদ প্রকাশ করা হয়েছে।
সুতরাং, তারেক রহমানের মতো সাম্প্রতিক চীন সফরে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি শীর্ষক দাবি মিথ্যা।


