‘ইরানের এতো সক্ষমতা আছে জানলে কখনোই যুদ্ধে জড়াতাম না‘ বলে মন্তব্য করেননি ট্রাম্প

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইরানের এতো সক্ষমতা আছে জানলে কখনোই যুদ্ধে জড়াতাম না।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইরানের এতো সক্ষমতা আছে জানলে কখনোই যুদ্ধে জড়াতাম না’ শীর্ষক মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশিয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর ডিজাইনের আদলে তৈরি ‘Lalmaiya TV’ নামের একটি ফেসবুক পেজে গত ২ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Lalmaiya TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না। আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ট্রাম্প আলোচিত মন্তব্যটি না করলেও বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘অত্যন্ত কঠোর আঘাত’ করতে পারে এবং প্রয়োজনে হামলার লক্ষ্যবস্তু আরও বাড়ানো হতে পারে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘আজ ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করা হবে!’
তিনি আরও বলেন, ইরানের ‘খারাপ আচরণের’ কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না। এই মন্তব্য এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান শনিবার ঘোষণা দেওয়ার পর যে, তার দেশ কখনও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে আত্মসমর্পণ করবে না।
সুতরাং, ডোনাল্ড ট্রাম্প ‘ইরানের এতো সক্ষমতা আছে জানলে কখনোই যুদ্ধে জড়াতাম না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Lalmaiya TV: Facebook Post
- Rumor Scanner’s analysis

