লোডশেডিং মিডিয়ার অপপ্রচার বলে মন্তব্য করেননি ইকবাল হাসান টুকু

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃতি করে ‘দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। লোডশেডিং কথা যেগুলো বলা হচ্ছে সব মিডিয়ার অপপ্রচার’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রাচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ১৭ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গুপ্ত টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের পরিচিতি পর্বে দেখা যায় ‘This is Gupto TV। একটি Satire & Parody platform । All contents are for entertainment purpose only। আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও Parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, ইকবাল হাসান মাহমুদ টুকু ‘দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। লোডশেডিং কথা যেগুলো বলা হচ্ছে সব মিডিয়ার অপপ্রচার’ মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis
Share: