টিউলিপ সিদ্দিক ৪র্থ বার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হওয়ার পুরোনো ঘটনাকে সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু পোস্ট প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত কোনো নির্বাচনে এমপি হননি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ সিদ্দিকের টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার তথ্যকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে যুক্তরাজ্যের সংসদের অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করে জানা যায়, যুক্তরাজ্যের সর্বশেষ সাধারণ নির্বাচন ২০২৪ সালের ০৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং সাধারণ নিয়ম অনুযায়ী পরবর্তী নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে, যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট যাচাই করে দেখা যায়, টিউলিপ সিদ্দিক সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২৪ সালের ৯ জুলাই থেকে ২০২৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া, একাধিক গণমাধ্যম (১, ২, ৩) সূত্রেও জানা যায়, টিউলিপ সিদ্দিক ২০২৪ সালের ০৪ জুলাইয়ে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন।
অর্থাৎ, টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হওয়া কোনো সাম্প্রতিক ঘটনা নয়।
সুতরাং, ২০২৪ সালে টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হওয়াকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- UK Parliament – Website
- UK Government – Website
- BSS News – Tulip Siddiq becomes British MP for 4th consecutive term
- News24 – Facebook Post
- DBC News – Facebook Post

