লম্বা চুল নিয়ে জমজ শিশুর জন্মের দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “ঘন কালো লম্বা চুল নিয়ে পৃথিবীতে এসেছে জমজ দুই কন্যাশিশু” দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে। একই ছবিকে কখনো রংপুরের, আবার কখনো দিনাজপুরের কোনো হাসপাতালের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, লম্বা চুল নিয়ে জমজ শিশু জন্মের ছবিটি কোনো বাস্তব ঘটনার নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এই ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, দেশের কোনো মূলধারার গণমাধ্যম বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এমন কোনো বিরল ঘটনার খবর পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, লম্বা চুল নিয়ে জমজ শিশু জন্মানোর দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র

  • Hive Detect 
  • Rumor Scanner’s Analysis
Share: