ভারতে দুজন ব্যক্তির ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন দাবিতে হিন্দু ধর্মে ধর্মান্তরিত ব্যক্তি এবং ধর্মগুরুর ছবি প্রচার

সম্প্রতি ‘ভারতে দুইজন খ্যাতনামা পণ্ডিত ও ধনাঢ্য ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছেন।’ শিরোনামে দুজন ব্যক্তির ছবিযুক্ত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১৭৩ বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ফটোকার্ডের ছবিটির সাথে ‘ভারতে দুইজন খ্যাতনামা পণ্ডিত ও ধনাঢ্য ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছেন।’ শীর্ষক দাবির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২১ সালে ভারতের উত্তর প্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভির ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণের ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম The Print এর ওয়েবসাইটে ২০২১ সালের ০৬ ডিসেম্বর ‘UP Shia Waqf Board ex-chief Waseem Rizvi now a Hindu, takes name ‘Jitendra Narayan Singh Tyagi’’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ০৬ ডিসেম্বর উত্তর প্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং ‘জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী’ নাম ধারণ করেছেন। গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত যতি নরসিংহানন্দ সরস্বতী এই ধর্মান্তরকরণের নেতৃত্ব দিয়েছিলেন। প্রতিবেদনে সংযুক্ত ছবিটির বিষয়ে উল্লেখ করা হয়, এটি সেদিন ধর্মান্তরের পর যতি নরসিংহানন্দের (ডানে) সাথে ওয়াসিম রিজভীর (বামে) একটি স্থিরচিত্র।
পরবর্তীতে, এ বিষয়ে আরেক ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।
উল্লেখ্য, ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী ২০২৪ সালে তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে ‘জিতেন্দ্র নারায়ণ সিং সেঙ্গার’ নাম গ্রহণ করেন।
সুতরাং, ভারতে দুইজন ব্যক্তির একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দাবিতে হিন্দু ধর্মে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ সিং সেঙ্গার ও ধর্মগুরু যতি নরসিংহানন্দের ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The Print – UP Shia Waqf Board ex-chief Waseem Rizvi now a Hindu, takes name ‘Jitendra Narayan Singh Tyagi’
- সংবাদ প্রতিদিন – ইসলাম ছেড়ে হিন্দু হলেন শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি, কী নাম হল?
- News18 – After Conversion to Hindiusm, Former Shia Waqf Board Chairman Wasim Rizvi Changes Caste Now

