আ.লীগের মিছিলে বোমা হামলায় দুই জন নিহত দাবিতে এআই ভিডিও প্রচার

গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে, সে সময়ে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, আ.লীগের মিছিলে বোমা হামলায় দুই জন নিহত হয়েছে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে। ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে চার লক্ষাধিক বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আ.লীগের মিছিলে হামলা এবং দুইজন নিহত সংক্রান্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভিডিওর মাধ্যমে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যালোচনা করে এটির পারিপার্শ্বিক উপাদানেও (মানুষের দৌড়াদৌড়ির মুভমেন্ট, গাড়ির ডিজাইন ও গতি ইত্যাদি) অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওর মাধ্যমে আ.লীগের মিছিলে বোমা হামলায় দুই জন নিহত বলে দাবি করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis
Share: