সাভারে এনসিপির সমাবেশে হামলায় ‘দুই এনসিপি কর্মী আটক’ দাবিতে সাবেক ওসির নামে ভুয়া মন্তব্য প্রচার

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পর সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠ এলাকায় দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতিতে এ বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। এর প্রেক্ষিতে ফেসবুকে ভাইরাল হওয়া কিছু পোস্টে দাবি করা হয়, “সাভার মডেল থানার ওসি আকবর আলী খান বলেছেন সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনায় দুই জন আটক, জিজ্ঞাসাবাদে জানা গেছে দুইজনই এনসিপির কর্মী।”
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবিতে টকশোতে বক্তব্য দিয়েছেন সাংবাদিক মাসুদ কামাল। দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এনসিপির সমাবেশে গতকালের হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তাছাড়া, আকবর আলী খান ২০২৪ সালে সাভার থানার ওসি ছিলেন, তাকে গত বছর বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম এবং সাভারের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে গতকালের ঘটনায় কারো আটকের খবর মেলেনি। গণমাধ্যমে এই ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীনের একটি বক্তব্য পাওয়া যায়। রাতেই সাভারের বিস্ফোরণ স্থলে পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ ঘটনায় ঢাকা জেলার দুইজন অতিরিক্ত পুলিশ সুপার ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটির প্রধান হবেন, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
কিওয়ার্ড সার্চ করে জানা যায়, গত ২৬ মে সাভার মডেল থানার ওসি আরমান আলীকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সাভারের গণমাধ্যম এবং সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, এরপর আর সাভার থানায় নতুন ওসি নিয়োগ হয়নি। বর্তমানে ওসি (তদন্ত) নূর মোহাম্মদ দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে নূর মোহাম্মদ রিউমর স্ক্যানারকে জানান, এমন কোনো তথ্য (আটকের বিষয়ে) আমরা দেইনি।
ভাইরাল দাবিটিতে ওসি হিসেবে আকবর আলী খান নামে যে ব্যক্তির নাম-পরিচয় ব্যবহার করা হয়েছে সে বিষয়ে অনুসন্ধানে রিউমর স্ক্যানার জানতে পারে, আকবর আলী খান সর্বশেষ ২০২৪ সালে সাভার থানার দায়িত্বে ছিলেন। ২০২৩ সালে তিনি সাভার থানায় যোগ দেন। পরের বছর ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতির পুলিশ পদকও পান তিনি। ২০২৪ সালের ২২ মার্চ তাকে গাজীপুরের শ্রীপুর থানায় বদলি করা হয়। সে বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শ্রীপুর থানা থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা ওসি আকবর আলী খানকে আগস্টে সরকার পতনের পর বদলি করা হয় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে। গত বছরের ১৫ সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে ০৭ জুলাই রাত ০১ টা ২৩ মিনিটে এ সংক্রান্ত প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। ‘Bengali Steam’ মূলত একটি সার্কাজম পেজ। সমসাময়িক যে কোনো ঘটনা প্রবাহে ব্যঙ্গাত্মকভাবে ভুয়া বক্তব্য ছড়ানোর প্রমাণ রয়েছে পেজটির বিরুদ্ধে।
সুতরাং, সাভারে এনসিপির সমাবেশে হামলায় ‘দুই এনসিপি কর্মী আটক’ শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jagonews24: সন্দেহ ‘হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া’, বললেন ঢাকার এসপি
- Police Statement
- Rumor Scanner’s own investigation

