ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বয়কটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গত ২২ জানুয়ারি ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রেক্ষিতে ‘বিশ্বকাপ ব’য়’কট করলেন আইসিসির প্যানেল আম্পায়ার ইবনে শহীদ সৈকত।’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ),
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বয়কট করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত তথ্যটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
বরং, এ বিষয়ে চ্যানেল২৪ এর ওয়েবসাইটে গত ২৬ জানুয়ারি ‘বিশ্বকাপ বয়কটের গুঞ্জনে মুখ খুললেন আম্পায়ার সৈকত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে আম্পায়ার সৈকত জানান, বিশ্বকাপ বয়কটের বিষয়ে তিনি কোথাও কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘সারা দিন ধরে দেখছি, এখানে-ওখানে বলা হচ্ছে আমি নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছি। বিষয়টি পুরোপুরি মিথ্যা। আমি আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার এবং কয়েক দিনের মধ্যেই সেই দায়িত্ব পালনের জন্য বিশ্বকাপ কাভার করতে যাচ্ছি।’
তিনি জানান, বিশ্বকাপে দায়িত্ব পালনের বিষয়টি হুট করে নেয়া কোনো সিদ্ধান্ত নয়। বরং কয়েক মাস আগেই আইসিসির নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয়েছে তার অ্যাসাইনমেন্ট। ফলে এখন সেখান থেকে সরে দাঁড়ানোর সুযোগও নেই। বাংলাদেশ দলের না থাকা নিয়ে আক্ষেপ থাকলেও পেশাগত দায়িত্বই তার কাছে মুখ্য এ কথাও স্পষ্ট করেন সৈকত।
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপে নেই এটা একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই কষ্টের। কিন্তু বাস্তবতা হলো, আমি এখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নই, আমি আইসিসির আম্পায়ার। আইসিসির নিয়ম মেনেই আমাকে দায়িত্ব পালন করতে হবে।’
পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।
সুতরাং, আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বয়কট করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Channel24 – বিশ্বকাপ বয়কটের গুঞ্জনে মুখ খুললেন আম্পায়ার সৈকত
- জনকণ্ঠ – বিশ্বকাপ বয়কটের গুঞ্জন, যা বললেন আম্পায়ার সৈকত
- বাংলাদেশ প্রতিদিন – বিশ্বকাপ বয়কটের গুঞ্জন, যা বললেন আম্পায়ার সৈকত


