‘ইউনিসেফ স্কুলে নিয়োগ’ দাবিতে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত ইউনিসেফ স্কুল-এ নিয়োগ’ শীর্ষক শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত ইউনিসেফ স্কুল-এ নিয়োগ’ নামে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বরং, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ফেসবুকে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত “ইউনিসেফ স্কুল”-এ নিম্নলিখিত পদে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে:

আগ্রহী প্রার্থীরা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ই-মেইল এড্রেস, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রদত্ত ইমেইল([email protected]) পাঠাতে পারবেন। অথবা, প্রার্থীগণ প্রদত্ত ওয়েবসাইট https://bio.site/unicefschool এ প্রবেশ করেও আবেদন করতে পারবেন। ২. আবেদন অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। ৩. কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। পরবর্তীতে কর্তৃপক্ষের শর্ত মেনে চাকরীতে যোগদান করতে হবে। আবেদনের শেষ তারিখঃ ২০/০২/২০২৬ ইং

নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি ([email protected]) লক্ষ্য করলে দেখা যায়, এটি ইউনিসেফের প্রাতিষ্ঠানিক ইমেইল নয়, বরং এটি একটি জিমেইল অ্যাকাউন্ট; যা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে সন্দেহ তৈরি করে।

পরবর্তীতে ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি যাচাই করে দেখা যায় এটি এমন [email protected]

অর্থাৎ প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি ইউনিসেফের অফিশিয়াল ইমেইল ঠিকানা নয়।

এছাড়া ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে ‘ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত ইউনিসেফ স্কুল-এ নিয়োগ’ শীর্ষক কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

অনুসন্ধানে ইউনিসেফের মূল ওয়েবসাইটের জব সেকশনে গিয়ে এমন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২৫ সালের ২৪ আগস্ট “চাকরির প্রতারণা থেকে সাবধান” শীর্ষক শিরোনামে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে ইউনিসেফ জানায়, ইউনিসেফ কখনই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকারের অর্থ গ্রহণ করে না। চাকরির জন্য ইউনিসেফের গ্লোবাল ক্যারিয়ার ওয়েবসাইট এবং পরিচিত সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া কিংবা ইমেইলের মাধ্যমে কখনই সিভি গ্রহণ করা হয় না। তাই চাকরির জন্য অ্যাপ্লাই করার আগে ভালো করে যাচাই করে অ্যাপ্লাই করার কথা বলা হয়। এ নিয়ে কোন সন্দেহ থাকলে [email protected] শীর্ষক ইমেইলে যোগাযোগ করতে বলা হয়।

উল্লেখ্য, জাতিসংঘের উক্ত সংস্থাটির নাম দিয়ে এমন নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার হয়ে আসছে। পূর্বেও ‘ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ’ দাবিতে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

এছাড়া কথিত ওই নিয়োগ বিজ্ঞপ্তির উপরে সংবাদমাধ্যম প্রথম আলোর লোগো ব্যবহার করতে দেখা যায়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলো এই ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেনি।

সুতরাং, সম্প্রতি ইন্টারনেটে ‘ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত ইউনিসেফ স্কুল-এ নিয়োগ’ শীর্ষক শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: