গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে জাতিসংঘ শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় সাড়ে ১৬ হাজারের বেশি বার।
ভিডিওটি ফেসবুকে দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে কোনো মন্তব্য করেনি জাতিসংঘ। প্রকৃতপক্ষে, গত জানুয়ারিতে ভিন্ন প্রসঙ্গে জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হকের একটি প্রেস ব্রিফিংয়ের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ের ভিডিওটির খোঁজে অনুসন্ধানে ইউটিউবে SCANNEWS UN নামের একটি চ্যানেলে গত ১৬ জানুয়ারি এ সংক্রান্ত মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওতে জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হককে বিভিন্ন বিষয়ে আলাপ করতে দেখা যায়। তবে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওতে বলা ‘In Bangladesh we can not see partipacitory elctions’ অংশ উক্ত ভিডিওতে তাকে বলতে শোনা যায়নি।

ভিডিওতে এবং এ সংক্রান্ত ট্রান্সক্রিপ্ট বিশ্লেষণ করেও ফারহান হককে বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
অর্থাৎ, উক্ত অডিওটি ভিডিওতে আলাদাভাবে বসানো হয়েছে এবং জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ের আলোচিত এই ভিডিওটি বাংলাদেশের নির্বাচনের প্রায় এক মাস পূর্বের৷
পরবর্তী অনুসন্ধানে সর্বশেষ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান জানতে কিওয়ার্ড সার্চ করে ১৩ ফেব্রুয়ারি মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের একটি প্রেস ব্রিফিংয়ের ট্রান্সক্রিপ্ট পাওয়া যায়। ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে স্টিফেন ডুজারিক বলেন, ‘জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি, তাই এই বিষয়ে কোনো মূল্যায়ন বা কথা বলা উচিত নয়।’
তবে তিনি জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নির্বাচনের ধারাবাহিকতায় সব রাজনৈতিক অংশীদারদের মধ্যে ঐক্য জোরদার, গণতান্ত্রিক রীতি এবং আইনের শাসন সমুন্নত রাখার বিষয়ে উৎসাহিত করেছেন।
সুতরাং, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে জাতিসংঘ শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- SCANNEWS UN: YouTube Video


