ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র শীর্ষক দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় সাড়ে ১৬ হাজারের বেশি বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের প্রেক্ষিতে এনটিভির একটি ভিডিওর থাম্বনেইলে উক্ত মন্তব্য যুক্ত করা হয় যা সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে থাকা ফটোকার্ডের সূত্রে ইউটিউবে ২০২৪ সালের ০৯ জানুয়ারি মূল ধারার গণমাধ্যম এনটিভির একটি ইউটিউব ভিডিওতে একই থাম্বনেইলের সন্ধান পাওয়া যায়।

বাংলাদেশে ২০২৪ সালের ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এর পরদিনই এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।’
অর্থাৎ, আলোচিত মন্তব্যটি ২০২৪ সালের নির্বাচনের সময়ের।
পরবর্তী অনুসন্ধানে সর্বশেষ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে কিওয়ার্ড সার্চ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষ থেকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর সংবাদ পাওয়া যায়। গত ১৪ ফেব্রুয়ারি বাসসের এক সংবাদ থেকে জানা যায়, বিএনপি নির্বাচনে জয়লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।
গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্প কর্তৃক তারেক রহমানকে পাঠানো একটি চিঠি তাদের এক্স হ্যান্ডলে প্রকাশ করে। চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের বিজয়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদকালের সফলতা কামনা করেন ডোনাল্ড ট্রাম্প।
এসব সংবাদে এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু না হওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- NTV: YouTube Video

