জয়পুরহাটে জিম্মি ইউএনওর উদ্ধারাভিযান দাবিতে মহড়ার দৃশ্য প্রচার

সম্প্রতি ‘কমান্ডো কায়দায় অভিযানে নেমে দুই দুর্বৃত্তকে আটক এবং ইউএনওকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।’ ক্যাপশনে যৌথ বাহিনী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যৌথ বাহিনী অভিযানের মাধ্যমে জিম্মি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্ধারের এরূপ কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জয়পুরহাটে যৌথ বাহিনীর একটি মহড়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Dhaka Post এর ফেসবুক পেজে গত ২৯ জানুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি জিম্মি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উদ্ধারের জন্য যৌথ বাহিনীর মহড়ার দৃশ্য। পরবর্তীতে, একই বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর রহমানকে তাঁর কার্যালয়ে ঢুকে দুই দুর্বৃত্ত জিম্মি করেছে—এমন চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় গত ২৮ জানুয়ারি দুপুরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা। পরে কমান্ডো কায়দায় অভিযানে নেমে দুই দুর্বৃত্তকে আটক এবং ইউএনওকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি বাস্তব নয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর একটি মহড়ার অংশ ছিল পুরো দৃশ্যটি।

সুতরাং, দুর্বৃত্তদের জিম্মি থেকে ইউএনওকে উদ্ধারে যৌথ বাহিনী অভিযানের মহড়ার ভিডিওকে আসল ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dhaka Post – Facebook Post
- NEWS24 – নির্বাচনী নিরাপত্তায় জয়পুরহাটে যৌথ বাহিনীর মহড়া
- প্রথম আলো – জয়পুরহাট সদরের ‘জিম্মি ইউএনওকে’ উদ্ধার করে দেখাল আইনশৃঙ্খলা বাহিনী
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

