যুবদল কর্তৃক প্রবাসীর স্ত্রীকে তুলে নেওয়ার দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, মধ্যরাতে প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যাচ্ছেন যুবদল নেতারা- দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি প্রবাসীর স্ত্রীকে যুবদল কর্তৃক অপহরণের নয়। প্রকৃতপক্ষে, গত ০১ জুন কুমিল্লার লাকসামে এক কিশোরী তার প্রেমিকের সাথে পালিয়ে যান। সেই ঘটনার দৃশ্য এটি।

অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম জাগো নিউজের ফেসবুক পেজে গত ০৩ জুন প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

জাগো নিউজ ক্যাপশনে লিখেছে, কুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে ঘর থেকে অপহরণ।

উক্ত সূত্র ধরে জাতীয় দৈনিক অনুসন্ধানে যুগান্তরের ওয়েবসাইটে ০৩ জুন “কুমিল্লায় ফিল্মি স্টাইলে কিশোরীকে তুলে নিলেন প্রেমিক” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, গত ০১ জুন কুমিল্লার লাকসামে নিজ বাড়ি থেকে এক কিশোরকে তুলে নিয়ে যায় তারই প্রেমিক। মূলত, ওই কিশোরীর সাথে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ রানা নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা দুইজন পালিয়ে বিয়ে করেন। কিন্তু, মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রেমিক মাসুদের বিরুদ্ধে অপহরণের মামলা দেয় মেয়ের পরিবার। মামলার পর পুলিশ দুজনকে আটক করে আদালতে সোপর্দ করেন। আদালত মাসুদ রানাকে কারাগারে পাঠিয়ে কিশোরীকে তার পরিবারের জিম্মায় দেন। মাসুদ রানা সম্প্রতি জামিনে বের হন। জামিনে বের হয়ে গত ০১ জুন রাতে মাসুদ লোকজন নিয়ে এসে ওই কিশোরীকে নিয়ে যান।

ওই কিশোরীর মা জানান, রাতে মাসুদসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করে। পরে জোরপূর্বক তার মেয়েকে নিয়ে যায়।

এ বিষয়ে লাকসাম থানার ওসি কামরুন্নাহার লাইলী বলেন, তুলে নেওয়ার ক্ষেত্রে কিশোরীর সম্মতি থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ওই কিশোরীর সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন পালিয়ে বিয়ে করেছে। কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার অপহরণ মামলা করলে মাসুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামিনে বের হয়ে আবার মাসুদ তাকে নিয়ে যায়।

ঘটনাটির একই বর্ণনা দিয়ে সংবাদ প্রকাশ করেছে- ঢাকা পোস্ট, চ্যানেল ২৪, এনটিভি সহ বেশকিছু গণমাধ্যম।

অর্থাৎ, সংবাদ বিবরণ থেকে সহজেই প্রতীয়মান হওয়া যায়, ঘটনাটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে মধ্যরাতে যুবদল কর্তৃক প্রবাসীর স্ত্রীকে অপহরণ দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: