সম্প্রতি, প্রবাসীর স্ত্রীর ওপর কথিত ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির হামলার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। ভিডিওটিতে একজন ব্যক্তিকে লাঠি দিয়ে এক মহিলাকে একাধিকবার আঘাত করতে দেখা যায়।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রবাসীর স্ত্রীর ওপর কথিত বিএনপি নেতার হামলার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, যৌতুকের টাকার জন্যে নিজের স্ত্রীকে নির্যাতনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে Daily Bangladesh Media নামের একটি গণমাধ্যমের ফেসবুক পেজে গত ১১ জুলাই একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি মাধবপুর নামক এলাকায় যৌতুকের টাকার জন্যে নিজের স্ত্রীকে নির্যাতনের ঘটনার ভিডিও।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটে একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির ফিচার ইমেজে আলোচিত ভিডিওর একটি ছবিও দেখতে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ভিডিওতে দেখতে পাওয়া মহিলাকে মারধরকারী ওই মহিলারই স্বামী। মূলত যৌতুকের টাকার জন্যেই নির্যাতন করা হয় বলে উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। এর আগে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে স্বামীকে দিলেও পরে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে তার বাম পা ও ডান হাত ভেঙে যায় বলে অভিযোগ করেন তিনি।
পাশাপাশি প্রতিবেদনে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার বরাতে অভিযুক্ত স্বামীকে আটকের কথাও উল্লেখ করা হয়।
সুতরাং, স্ত্রীকে যৌতুকের টাকার জন্যে নির্যাতনের ভিডিওকে ইউনিয়ন বিএনপি নেতা কর্তৃক প্রবাসীর স্ত্রীকে মারধরের দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Bangladesh Media Facebook Post
- Desh Rupantor Website: যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল
- Rumor Scanner’s Analysis


