আসন্ন নির্বাচনে আ.লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর

বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত বছরের ১২ মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এর প্রেক্ষিতে দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনের বাইরে থাকছে দলটি। জাসদ ছাড়া ১৪ দলের অন্যান্য শরিক দলও রয়েছে ভোটের বাইরে। তবে সম্প্রতি, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ‘আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেয়া হচ্ছে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সাম্প্রতিক সময়ে ‘আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেয়া হচ্ছে না’ শীর্ষক মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার আগে ২০২৪ সালের ডিসেম্বরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংস্কার বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আলোচিত মন্তব্যটি করেন।
যমুনা টেলিভিশনের আলোচিত প্রতিবেদনটির বিষয়ে অনুসন্ধানে প্রতিবেদনটিতে দেখতে পাওয়া ‘রংপুরে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আ.লীগকে নির্বাচনে অংশ নিতে বাধা দেয়া হচ্ছে না’ শীর্ষক শিরোনামের সূত্র ধরে অনুসন্ধানে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর প্রচারিত মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সেদিন দুপুরে রংপুরে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তাদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় সংস্কার কমিশন। সেখানে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই।”
সেসময় তার উক্ত বক্তব্যের প্রেক্ষিতে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। উক্ত ঘটনায় দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
অর্থাৎ, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সাম্প্রতিক সময়ে ‘আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেয়া হচ্ছে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jamuna TV Youtube Channel: আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেয়া হচ্ছে না: বদিউল আলম
- Rumor Scanner’s Analysis

