আসন্ন নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির বার্তা দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার

সম্প্রতি ‘নির্বাচন নিয়ে দেশবাসীর প্রতি অনুরোধ: রাষ্ট্রপতি’ শিরোনামে আসন্ন নির্বাচন বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে
উক্ত ভিডিওতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে বলতে দেখা যায়, “দেশবাসীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে, সামনে জাতীয় নির্বাচন। নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২৬ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৯ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ১ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্যের প্রচারিত ভিডিওটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া নয় এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ২০২৩ সালে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ATN News এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ‘আগামী নির্বাচন সুষ্ঠু হোক: মো: সাহাবুদ্দিন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ০০:২৪ থেকে ০০:৩৫ এবং ০০:৫৯ থেকে ০১:০৪ পর্যন্ত- এই দুটি অংশ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এছাড়া, মূল ভিডিওতে মিরর ইফেক্ট ব্যবহার করে আলোচিত দাবিতে ব্যবহার করা হয়েছে; যা ফলে প্রচারিত ভিডিওতে ডান পাশের বিষয়বস্তু বামে এবং বাম পাশের বিষয়বস্তু ডানে দেখা যাচ্ছে৷
উক্ত ভিডিওতে তিনি ২০২৪ সালের ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে বিভিন্ন মন্তব্য করেছেন।
পরবর্তীতে, একই দিনে আরেক গণমাধ্যম DBC News এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, আসন্ন নির্বাচন নিয়ে দেশবাসীর প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্য দাবিতে ২০২৩ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- ATN News – আগামী নির্বাচন সুষ্ঠু হোক: মো: সাহাবুদ্দিন
- DBC News – নবনির্বাচিত রাষ্ট্রপতির বিশেষ সাক্ষাৎকার

