সম্প্রতি, ইউএস বাংলা এয়ারলাইন্সে কয়েকটি পদে এজেন্সির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে দাবিতে একটি পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার হয়েছে। পোস্টে এয়ারপোর্ট সুপারভাইজার পদে ৩৫, কাস্টম সুপারভাইজার পদে ৩৯ এবং চেকারম্যান পদে ১০৫ জন নিয়োগের কথা উল্লেখ আছে। আগ্রহী প্রার্থীদের ‘[email protected]’ ই-মেইল ঠিকানায় আবেদন করতে বলা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্স উল্লিখিত পদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বরং, আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত পোস্টটি ভুয়া বলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে US-Bangla Airlines এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি সংবাদমাধ্যম যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
অর্থাৎ, প্রতিষ্ঠানটি সম্প্রতি এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আলোচিত দাবির বিজ্ঞপ্তিটিতে এমন কোনো পদের কথা উল্লেখ নেই।
এই বিষয়ে জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ রিউমর স্ক্যানার টিমকে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
সুতরাং, ইউএস-বাংলা এয়ারলাইন্সে বিভিন্ন পদে এজেন্সির মাধ্যমে নিয়োগ দাবিতে প্রচারিত এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বানোয়াট।
তথ্যসূত্র
- Facebook: US-Bangla Airlines
- Website: US-Bangla Airlines
- Rumor Scanner’s Own Analysis


