তেল সংকট আতঙ্কে মার্কিনিদের ফিলিং স্টেশনে ভিড় দাবিতে এআই ভিডিও প্রচার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধের হুমকি ও সংশ্লিষ্ট তৎপরতার কারণে বিশ্বজুড়ে তেল ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, এটি মার্কিন নাগরিকদের কন্টেইনার নিয়ে তেল মজুতের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে ভিড় করার দৃশ্য।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ)।
গণমাধ্যমের প্রচারিত এমন ভিডিও দেখুন : মানবজমিন, গণকন্ঠ, রূপালী বাংলাদেশ।
এক্সে (টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই ভিডিও ইউটিউবে দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ১১ মার্চ এক্সে (সাবেক টুইটার) @anesmansory নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হয়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, “তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় আমেরিকানরা আতঙ্কিত হয়ে বর্তমান মূল্যেই কন্টেইনার ভরে পেট্রোল সংগ্রহ করছে।”
তবে ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে এর নিচের কোণে ‘AI-Generated’ লেখা দেখা যায়।

এছাড়া উক্ত ভিডিওটিতে দৃশ্যমান @cabracabaret নামক টিকটক অ্যাকাউন্টের লোগোর সূত্র ধরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, অ্যাকাউন্টটির বায়োতে উল্লেখ রয়েছে, “Using AI to comment about our wondrous but twisted world।” এছাড়া অ্যাকাউন্টটিতে প্রকাশিত সব ভিডিওই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি।
পরবর্তীতে আলোচিত এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করলে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৭৬ শতাংশ।
সুতরাং, মার্কিন নাগরিকরা সংকটের আশঙ্কায় কনটেইনার নিয়ে তেল মজুত করতে ফিলিং স্টেশনে ভিড় করছে এমন দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত।
তথ্যসূত্র
- Cabra Cabaret – Tiktok Account
- أنيس منصور – X Account

