বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য সব ভিসা নয়, শুধু অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবিতে একটি তথ্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখুন: যুগান্তর, ইত্তেফাক, কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার, বাংলা ট্রিবিউন, যমুনা টিভি, ঢাকা মেইল, আজকের পত্রিকা, ঢাকা পোস্ট, একাত্তর টিভি, নিউজবাংলা২৪, কালবেলা, জনকণ্ঠ, ইনকিলাব, খবরের কাগজ, দ্য সান, ইত্তেফাক, দৈনিক সংগ্রাম, আলোকিত বাংলাদেশ, আমাদের সময়, দৈনিক শিক্ষা, এখন সময়, প্রতিদিনের বাংলা, বাংলাদেশ টাইমস, দৈনিক বাংলা, একুশে সংবাদ, নতুন কথা, আউটলুক বাংলা, কুমিল্লার কাগজ (ইউটিউব), জনমত, মুক্তমঞ্চ

শুধু ফেসবুক পোস্টে একই দাবি করেছে বাংলা স্ট্রিমইনডিপেনডেন্ট টিভি

একই দাবিতে ফেসবুকে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।

একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মের পোস্ট দেখুন: ইন্সটাগ্রাম, এক্স। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেনি। প্রকৃতপক্ষে, দেশটির পররাষ্ট্র দপ্তর এসব দেশের জন্য কেবল অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। অ-অভিবাসী ভিসা (যেমন: ভ্রমণের উদ্দেশ্যে ভিসা) প্রক্রিয়াকরণ এখনও চালু রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে আজ ১৫ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনের অভিবাসন নীতিতে কঠোরতা আরও জোরদার হওয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে। বুধবার (১৪ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র এ তথ্য জানান। প্রতিবেদনে থাকা ৭৫ দেশের তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ১৪ জানুয়ারি প্রকাশিত একটি পোস্টে জানানো হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এমন ৭৫টি দেশ থেকে অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করবে যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কল্যাণ তহবিল থেকে অগ্রহণযোগ্য হারে সুবিধা গ্রহণ করে। নতুন অভিবাসীরা আমেরিকানদের সম্পদের ওপর নির্ভর করবে না এ বিষয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।’
এছাড়া, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি ওয়েবসাইটে ১৪ জানুয়ারি হালনাগাদ করা একটি নিবন্ধ থেকেও একই তথ্য জানা যায়। নিবন্ধটির প্রশ্নোত্তর অংশে স্পষ্ট করা হয়েছে যে, এই স্থগিতাদেশটি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়; এটি নির্দিষ্টভাবে অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য কার্যকর হবে। টুরিস্ট ভিসা অ-অভিবাসী ভিসার অন্তর্ভুক্ত।

অর্থাৎ, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য সব ধরনের নয় বরং কেবল অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের ভিসা মূলত দুই ধরনের অ-অভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) এবং অভিবাসী (ইমিগ্র্যান্ট)। অভিবাসী ভিসা তাদের জন্য, যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান। এই ভিসার মাধ্যমে পরবর্তীতে গ্রিন কার্ড এবং নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকে। অন্যদিকে অ-অভিবাসী ভিসা দেওয়া হয় সাময়িক উদ্দেশ্যে, যেমন ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা বা অস্থায়ী কাজ। এই ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময় শেষে নিজ দেশে ফিরে আসার বাধ্যবাধকতা থাকে এবং এতে সরাসরি স্থায়ীভাবে বসবাসের অধিকার পাওয়া যায় না।

সুতরাং, যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশসহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করার বিষয়টি সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: