পাকিস্তানের ওপর আফগানিস্তানের রকেট হামলার দৃশ্য দাবিতে ৭ বছর আগের মার্কিন সামরিক মহড়ার ভিডিও প্রচার 

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে কয়েক দিন ধরে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এরই মধ্যে ২৭ ফেব্রুয়ারি ভোরে পাকিস্তান কাবুলসহ কান্দাহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়, এতে হতাহতের ঘটনাও ঘটে। উভয় পক্ষই সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দায়ী করছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতিকে “প্রকাশ্য যুদ্ধ” হিসেবে উল্লেখ করেছেন।


এই প্রেক্ষাপটে, ‘এবার পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে BM21 রকেট হামলা! আফগানিস্তানের’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


উক্ত দাবিতে ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি প্রায় ৭ বছর আগের মার্কিন সেনাবাহিনীর একটি সামরিক মহড়ার দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Murphy’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৯ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।


ভিডিওর বর্ণনা অনুযায়ী, এটি মার্কিন সেনাবাহিনীর ৫ম ব্যাটালিয়ন, ৩য় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের (5th BN, 3rd FAR) একটি ব্যাটারির সক্ষমতা মূল্যায়নের অংশ হিসেবে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইমার্স) ব্যবহার করে পরিচালিত রাতের লাইভ ফায়ার মহড়ার দৃশ্য।

এছাড়া, মার্কিন সেনাবাহিনীর ১৭তম ফিল্ড আর্টিলারি ব্রিগেডের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) প্রোফাইলেও একই দাবিতে ভিডিওটি প্রচারিত হয়েছিল।

অর্থাৎ, ভিডিওটি প্রায় ৭ বছর আগের মার্কিন সেনাবাহিনীর মহড়ার দৃশ্য।

সুতরাং, মার্কিন সেনাবাহিনীর মহড়ার ভিডিওকে পাকিস্তানের ওপর আফগানিস্তানের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: