ইরানের হামলায় ইসরায়েলের অবস্থা দাবিতে যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘটনাকে ঘিরে, ইরানের হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইরানের হামলায় তেল আবিবের ক্ষতিগ্রস্ত এলাকার দৃশ্যের নয়; বরং এটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে ঘটে যাওয়া একটি মেডিকেল বিমান দুর্ঘটনার পুরোনো ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে, ‘Hakan Tuluhan’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার দৃশ্যাবলির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল দেখা যায়।

ভিডিওটির বিবরণীতে উল্লেখ করা হয়, মেক্সিকোতে নিবন্ধিত লিয়ারজেট ৫৫ এয়ার অ্যাম্বুলেন্সটি ফিলাডেলফিয়া এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়। Fox29-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে থাকা ছয়জন আরোহী নিহত হন।

‘The Truth Lies’ নামের আরেক ইউটিউব চ্যানেলের ২ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওতেও একই ধরনের দৃশ্য ও তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ইসরায়েলের রাজধানী তেল আবিব নয়।

এই তথ্যের ভিত্তিতে, দ্য নিউ ইয়র্ক টাইমসে গত ৩১ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ঘটনার বিস্তারিত পাওয়া যায়। এতে জানানো হয়, সেদিন রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার একটি শপিং সেন্টারের কাছে ছয়জন আরোহীসহ একটি ছোট মেডিকেল বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের সব আরোহী ও মাটিতে থাকা একজন নিহত হন এবং অন্তত ১৯ জন আহত হন। দুর্ঘটনায় আগুন ধরে গেলে আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

সুতরাং, ইরানের হামলায় তেল আবিবের দৃশ্য দাবিতে যুক্তরাষ্ট্রের একটি পুরোনো বিমান দুর্ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: