চলমান সংঘাতে ইরানের প্রতিশোধমূলক বেপরোয়া হামলার দৃশ্য দাবিতে গেমিং ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইরান প্রতিশোধ মূলক বেপরোয়া হামলা চালাচ্ছে,,, আলহামদুলিল্লাহ’।

অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি চলমান সংঘাতে ইরান কর্তৃক প্রতিশোধমূলক বেপরোয়া হামলার আসল দৃশ্য।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান সংঘাতে ইরান কর্তৃক প্রতিশোধমূলক বেপরোয়া হামলার আসল কোনো দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি ‘ওয়ার থান্ডার’ নামক একটি ভিডিও গেমের দৃশ্য যা আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘MissKitty Gametube’ নামক একটি ফেসবুক পেজে গত ১৮ ফেব্রুয়ারিতে আলোচিত দাবিতে প্রচারিত মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিও সম্পর্কে পোস্টে বলা হয়, এটি ‘ওয়ার থান্ডার’ নামক একটি ভিডিও গেমের দৃশ্য।

ফেসবুক পেজটির বায়োতে বলা হয়, পেজটির ক্রিয়েটর এই পেজে তার খেলা ভিডিও গেমের দৃশ্য প্রচার করে থাকেন।

ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করলে তাতে আরো অনেক ভিডিও পাওয়া যায় যার প্রায় সবগুলোই ‘ওয়ার থান্ডার’ নামক ভিডিও গেমের দৃশ্য বলা হয়েছে। এছাড়াও, ফেসবুক পেজের ‘অ্যাবাউট’ সেকশনেও ‘গেমার’ উল্লেখ করা হয়েছে।

তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ক্যামেরা অ্যাঙ্গেলও বেশ স্থিতিশীল ও সিনেমাটিক যা সাধারণত এত কাছে থেকে আসল যুদ্ধের ভিডিওতে দেখা যায় না। এ থেকে স্পষ্ট যে প্রচারিত ভিডিওটিও মূলত গেমিং ভিডিও।

সুতরাং, চলমান সংঘাতে ইরান কর্তৃক প্রতিশোধমূলক বেপরোয়া হামলার দৃশ্য দাবিতে গেমিং ভিডিওর দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: