গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তথ্য পাওয়া যায়। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ও প্রধান সমুদ্রবন্দর হাইফাতেও ইরানের হামলার কথা জানা যায়। এরই প্রেক্ষিতে, “ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস করল ইরান” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইরান কর্তৃক ইসরায়েলের যুদ্ধ বিমান ধ্বংস করার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, এটি একটি ভিডিও গেমের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘games4642’ নামক একটি টিকটক অ্যাকাউন্টে গত ০৯ জানুয়ারিতে একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনে এটিকে ভিডিও গেমসের দৃশ্য বলে হ্যাশট্যাগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ভিডিওতে দৃশ্যমান ধোঁয়ার বৈশিষ্ট্য, গতির প্রভাব এবং ক্যামেরার কোণ বিশ্লেষণে নিশ্চিতভাবে বলা যায়, এটি বাস্তব কোনো ভিডিও নয় বরং, যুদ্ধ বিমানের সিমুলেশন।
পরবর্তীতে, উক্ত টিকটক অ্যাকাউন্টটি পর্যালোচনায় দেখা যায়, এতে ক্রমাগত যুদ্ধ বিমান সিমুলেটরের অনুরূপ ভিজ্যুয়াল স্টাইলে বিমান এবং আকাশ কৌশলের ভিডিওর শেয়ার করা হয়, যা থেকে বোঝা যায় প্রচারিত ভিডিওটিও গেমসের অংশ।
সুতরাং, ভিডিও গেমসের দৃশ্যকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরান কর্তৃক ইসরায়েলের যুদ্ধ বিমান ধ্বংসের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Games4642: Tiktok Video
- Games4642: Tiktok Account
- Rumor Scanner’s Analysis


