ভারতে মসজিদে বাদ্যযন্ত্র বাজিয়ে নামাজে বিঘ্ন ঘটানোর দৃশ্য নয় এটি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, উগ্র হিন্দুত্ববাদীরা ভারতের একটি মসজিদে ট্রাম্পেট বাজিয়ে নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি নামাজের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এবং তার পেছনে ট্রাম্পেট বাজানো হচ্ছে।

গণমাধ্যমে প্রচারিত এমন দাবি দেখুন: ইনকিলাব, সারা বাংলা, দৈনিক সকাল, সকালবেলা।
ফেসবুকে প্রচারিত এমন কিছু দাবি দেখুন: এখানে, এখানে, এখানে।
অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত এমন দাবি দেখুন: এক্স, টিকটক, ইন্সটাগ্রাম, ইউটিউব।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই এবং এতে নামাজে ব্যাঘাত ঘটানোর কোনো ঘটনাও দেখা যায়নি। প্রকৃতপক্ষে, এটি বাংলাদেশের চট্টগ্রামের রাউজান উপজেলার একটি দরবার শরিফের দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ‘গশ্চি শাহী দরবার শরীফ’ নামের একটি টিকটক প্রোফাইলে ২০২৫ সালের ১২ জুন প্রকাশিত একই ভিডিওর দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওর শিরোনাম অনুযায়ী, এটি গশ্চি শাহী দরবার শরীফে বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্য।

দীর্ঘ ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সামনে থাকা ব্যক্তি কিছুক্ষণ নামাজের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি দুই হাত তুলে প্রার্থনার ভঙ্গি করেন এবং কিছুক্ষণ পর স্থান ত্যাগ করেন। তার চলে যাওয়ার পরও ভিডিওর শেষ পর্যন্ত বাদ্যযন্ত্র বাজতে দেখা যায়।
উক্ত টিকটক প্রোফাইল পর্যবেক্ষণে একই স্থানে বাদ্যযন্ত্র বাজানোর আরও একাধিক ভিডিও (১, ২, ৩, ৪) পাওয়া যায়।
পরবর্তীতে ‘চট্টগ্রামের খবর’ নামের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরে অবস্থিত গশ্চি গ্রামে গশ্চি শাহী দরবার শরীফের অবস্থান। ওই প্রতিবেদনে ব্যবহৃত দরবার শরিফের ছবির সঙ্গে আলোচিত টিকটক প্রোফাইলে ব্যবহৃত ছবির মিল পাওয়া যায়।
সুতরাং, বাংলাদেশের একটি দরবার শরিফে বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্যকে ভারতের একটি মসজিদে উগ্র হিন্দুত্ববাদীরা ট্রাম্পেট বাজিয়ে নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- গশ্চি শাহী দরবার শরীফ – TikTok Video
- Chattogramerkhabor – চট্টগ্রামের গশ্চি শাহী দরবারে ওরশ শরীফ ৩০ নভেম্বর
- Rumor Scanner’s analysis.

