নিজের জীবিত থাকার কথা জানিয়ে খামেনির বক্তব্যের দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

গত ০১ মার্চ সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি। এরই প্রেক্ষিতে সম্প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের ভিডিও দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। ভিডিওতে আয়াতুল্লাহ আলী খামেনি সদৃশ এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আলহামদুলিল্লাহ। আমি এখনও মারা যাইনি। মিডিয়াগুলো আমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে দিচ্ছে। অপপ্রচার করা হয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ক্বাদ আ’তানি আল্লাহু হাইয়্যান। ইনশাআল্লাহ লাকুদ উসতাতা আতকাতলি হাসানাতান সুরা ফিআয়াজ্জা।”

উল্লেখ্য, এআই এর সাহায্যে উক্ত আরবি অংশের অনুবাদ : “সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে জীবিত রেখেছেন। আল্লাহর ইচ্ছায় আমি (বিপদ বা শত্রু) মোকাবিলা করতে সক্ষম হয়েছি এবং ইনশাআল্লাহ এর ফলাফল বা প্রতিদান খুব দ্রুত ও ভালো হবে।”

টিকটকে ভিডিওটি দেখুন এখানে

এই প্রতিবেদনটি লেখা অবধি উপরোল্লিখিত টিকটক ভিডিওটি ১ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৮ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জীবিত আছেন বলে খামেনির বক্তব্যের দাবিতে প্রচারিত আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ইরানি বা আন্তর্জাতিক মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে আয়াতুল্লাহ আলী খামেনি এরূপ কোনো ভিডিও বার্তা দিলে তা আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রচার হতো।

ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে কিছু অসঙ্গতিও নজরে আসে। কথা বলার সময় উক্ত পুরুষের মুখের নড়াচড়ার সাথে শব্দচয়নের কিছুটা গরমিল লক্ষ্য করা যায়৷ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে এটি একটি সাধারণ অসঙ্গতি।

ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের সাহায্যে ভিডিওটি যাচাই করলে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ দেখা যায়।

এছাড়াও, ভিডিওর শুরুর অংশে খামেনি সদৃশ ব্যক্তিকে বাংলা ভাষায় কথা বলতে শোনা যায় যা একজন ইরানি নেতার বক্তব্য হিসেবে অযৌক্তিক ও অসম্ভাব্য।

প্রসঙ্গত, গত ০১ মার্চ সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি।

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, জীবিত আছেন বলে খামেনির বক্তব্যের দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

তথ্যসূত্র

  • AI Analysis
  • Rumor Scanner’s analysis
Share: