ডে কেয়ার সেন্টারে এক শিশুর আরেক শিশুকে মারধরের ভাইরাল ভিডিও বাংলাদেশের নয়, ভারতের 

একটি কক্ষে এক শিশু আরেক শিশুকে অসংখ্যবার চড়, থাপ্পড় ও কামড়ে দিচ্ছে, সেখানে থাকা তৃতীয় আরেক শিশু বিষয়টি সমাধানে এগিয়ে গেলে নিজেও মারধরের শিকার হচ্ছে। এমন একটি ভিডিও বাংলাদেশের ডে কেয়ার সেন্টারের দাবিতে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডে কেয়ার সেন্টারে এক শিশু কর্তৃক আরেক শিশুকে মারধরের ঘটনার ভিডিও বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগর জেলার সিডকো এলাকার ফার্স্টক্রাই ইন্টেলিটটস প্রি-স্কুলের একটি ডে কেয়ার সেন্টারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ।

এ বিষয়ে অনুসন্ধানে ‘LSTV News’ নামক ভারতীয় একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজে গত ২৬ জুনে একই ঘটনার ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে এটি ভারতের মহারাষ্ট্রে ছত্রপতি সম্ভাজিনগর জেলার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে অনুসন্ধানে, বিবিসি বাংলার ফেসবুক পেজে গত ৩০ জুনে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, আলোচিত ভিডিওর ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের সিডকো এলাকার ফার্স্টক্রাই ইন্টেলিটটস প্রি-স্কুলের। এ ঘটনায় অভিভাবকেরা থানায় অভিযোগ দায়েরের পর সেসময় কক্ষে থাকা নারী সাহায্যকারী এবং স্কুলের পুরো প্রশাসনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর দুইজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গেছে।

অর্থাৎ, এটি বাংলাদেশের কোনো ডে কেয়ার সেন্টারের ভিডিও নয়।

সুতরাং, ভারতের মহারাষ্ট্রে একটি প্রি-স্কুলের ডে কেয়ার সেন্টারে শিশুকে মারধরের ঘটনার ভিডিওকে বাংলাদেশের ডে কেয়ার সেন্টারের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: