সম্প্রতি নরওয়ে জাতীয় ফুটবল দলের সদস্য এবং প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির খেলোয়াড় আর্লিং হালান্ড সদৃশ এক ব্যক্তির কালিমা শাহাদাতের একাংশ পাঠের একটি ভিডিও অনলাইনে প্রচার করে দাবি করা হয়েছে, ‘ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আর্লিং হালান্ড ইসলাম ধর্ম গ্রহণ করেছেন’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নরওয়েজিয়ান ফুটবলার আর্লিং হালান্ডের কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণের ভিডিও দাবিতে প্রচারিত আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Haalandrage’ নামক একটি টিকটকে অ্যাকাউন্টে গত ৯ মার্চে আলোচিত ভিডিওটির সম্ভাব্য মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায় তাতে ‘AI-generated content’ লেবেল সংযুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে কোনো কনটেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হলে তাতে এই লেবেলটি সংযুক্ত করা হয়।

পাশাপাশি, অনুসন্ধানে আন্তর্জাতিক মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে আর্লিং হালান্ডের এরূপ কোনো ভিডিও ধারণ করা হলে তা আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রচার হতো।
ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে কিছু অসঙ্গতিও নজরে আসে। কথা বলার সময় উক্ত পুরুষের মুখের নড়াচড়ার সাথে শব্দচয়নের কিছুটা গরমিল লক্ষ্য করা যায়৷ এছাড়াও, হালান্ডের পাশে থাকা ব্যক্তির হাতের আঙ্গুল প্রথমে ৫টি দেখা গেলেও একটু পরই অস্বাভাবিকভাবে হাতে ৬টি আঙ্গুল হয়ে যায়। এসব অসঙ্গতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর ক্ষেত্রে দেখা যায়।
ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ ডিটেক্ট’ এর সাহায্যে ভিডিওটি যাচাই করলে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ দেখা যায়। এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী আরেক প্ল্যাটফর্ম ‘ডিপফেক-ও-মিটার’ এর সাহায্যে ভিডিওটি যাচাই করলে প্ল্যাটফর্মটির একাধিক প্রযুক্তি অনুযায়ী ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫ থেকে ১০০ শতাংশ দেখা যায়।

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, নরওয়েজিয়ান ফুটবলার আর্লিং হালান্ডের কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।
তথ্যসূত্র
- Haalandrage – Tiktok Post
- AI Analysis
- Rumor Scanner’s analysis


