ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের নির্যাতনের দাবিতে হ্যালোইন-সংশ্লিষ্ট পণ্যের ভিডিও প্রচার

সম্প্রতি, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের হাত-পা বেঁধে ঝুলিয়ে মারার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের নির্যাতনের বাস্তব দৃশ্য নয়। বরং এটি ‘Screamfitters’ নামের একটি প্রতিষ্ঠানের তৈরি হ্যালোইন-সংশ্লিষ্ট একটি কৃত্রিম পণ্যের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে ‘Halloween Haunter’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৮ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির বিবরণ থেকে জানা যায়, এটি ‘Deep Fried’ থিমের একটি বায়ুচালিত অ্যানিমাট্রনিক প্রদর্শনীর শিল্পকর্ম, যা নির্মাতা প্রতিষ্ঠান ‘Screamfitters’-এর তৈরি একটি যান্ত্রিক চরিত্র।

পরবর্তীতে ‘Screamfitters’-এর ইনস্টাগ্রাম প্রোফাইলে ২৮ মার্চ প্রকাশিত আরেকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে ২০২৬ সালের জন্য ‘Deep Fried’-এর আপডেটেড বা উন্নত সংস্করণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ভিডিওটির সঙ্গেও আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। পরে অ্যাকাউন্টটির বায়োতে থাকা ওয়েবসাইটে গিয়ে “Deep Fried DF25” শিরোনামে একই পণ্যকে বিক্রয়যোগ্য তালিকায় পাওয়া যায়।

‘Screamfitters’ ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে হ্যালোইন-সংশ্লিষ্ট বিভিন্ন ভৌতিক প্রদর্শনীসামগ্রী ও অ্যানিমাট্রনিক পণ্য বিক্রি করা হয়। হ্যালোইন পশ্চিমা বিশ্বের একটি উৎসব, যেখানে ভয়ের আবহ তৈরি করতে নানা ধরনের ভৌতিক সাজসজ্জা ও কৃত্রিম দৃশ্য ব্যবহার করা হয়। অর্থাৎ, আলোচিত ভিডিওটি তাদের হ্যালোইন-সংশ্লিষ্ট একটি পণ্যের।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের হাত-পা বেঁধে ঝুলিয়ে মারার কোনো দৃশ্যের নয় তা নিশ্চিতভাবে বলা যায়।

সুতরাং, ২০২৫ সালের একটি হ্যালোইন থিমের অ্যানিমাট্রনিক বা যান্ত্রিক প্রদর্শনীর ভিডিওকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: