চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের একটি দৃশ্য প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ব্রেকিং নিউজ| এখন ইসরাই**লের রাজধানী তেল আবিবের অবস্থা।’
অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইসরায়েলের তেল আবিবে অগ্নিকাণ্ডের দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের সময়ের নয় এবং এটি ইসরায়েলের কোনো দৃশ্যও নয়। প্রকৃতপক্ষে, গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ব্যক্তিগত বাসভবনে ঘটা অগ্নিকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘Fire Diary Of New York’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৭ জানুয়ারিতে সম্ভাব্য মূল ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

ইনস্টাগ্রাম ভিডিওর ক্যাপশনে ভিডিও সম্পর্কে বলা হয়, ‘আজ রাত ১০:৩০ মিনিটের কিছু আগে ব্রঙ্কসের ক্লেয়ারমন্ট এলাকায় একটি ব্যক্তিগত বাসভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছান। পৌঁছানোর প্রায় সাথে সাথেই পরিস্থিতি বিবেচনা করে জরুরি ‘১০-৭৫’ সিগন্যাল দেওয়া হয় এবং এর পরপরই ১৭ নম্বর ব্যাটালিয়ন থেকে ‘সেকেন্ড অ্যালার্ম’ বা অতিরিক্ত সহায়তার অনুরোধ জানানো হয়। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’ (অনূদিত)
এছাড়াও, সেসময় একই প্ল্যাটফর্মের ফেসবুক ও টিকটক অ্যাকাউন্ট থেকেও একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।
উল্লেখ্য, ‘ফায়ার ডায়েরি নিউ ইয়র্ক’ হলো আলোকচিত্র সাংবাদিক বেন ডিকারের একটি প্রামাণ্য আলোকচিত্র প্রকল্প, যাতে নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের অগ্নিনির্বাপকদের প্রাত্যহিক জীবন, তাদের পারস্পরিক সৌহার্দ্য এবং অগ্নিনির্বাপণ প্রচেষ্টার দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে ইসরায়েলের তেল আবিবে অগ্নিকাণ্ডের নয়।
সুতরাং, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘটা অগ্নিকাণ্ডের ভিডিওকে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মাঝে তেল আবিবের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Fire Diary Of New York – Instagram Post
- Fire Diary Of New York – Facebook Post
- Fire Diary Of New York – Tiktok Post
- Rumor Scanner’s analysis


