শেখ হাসিনার জনসভায় জনসমাগম দাবিতে ভারতের রথযাত্রার ভিডিও প্রচার

সম্প্রতি, ‘শেখ হাসিনার জনসভায় কোটি মানুষের জন সমাগম’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে  প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে প্রচারিত টিকটক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি এবিষয়ে ফেসবুকে প্রচারিত একটি ভিডিও প্রায় ১০ লক্ষ বারেরও অধিক দেখা হয়েছে। এছাড়াও ভিডিওটিতে প্রায় ৭৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি প্রায় ৩ হাজার বার শেয়ার করা হয়েছে।

২০২৩ সালেও একই দাবিতে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছিলো। সেসময় ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের জন সমাগমের নয় বরং, এটি ২০২৩ সালে ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি থেকে কিছু কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে New-age spirituality নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০১ জুলাই ‘rathayatra’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি শর্টস খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশনে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, এটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত রথযাত্রার ভিডিও।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে Traveller Bhaiya Ji নামের একটি ইউটিউব চ্যানেলে ‘Rath Yatra Puri 2023 (Odisha) Drone View’ শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ২৩ জুন তারিখের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির পারিপার্শ্বিকতা পর্যবেক্ষণ করে আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্য পাওয়া যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে ২০২৩ সালের ২০ জুন থেকে অনুষ্ঠিত জগন্নাথ রথযাত্রা আয়োজনের৷

এছাড়াও, ভারতীয় গণমাধ্যম The Indian Express এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ জুন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকেও জগন্নাথ রথ যাত্রা ২০২৩ আয়োজনটি সেবছর ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়৷

অর্থাৎ, এই ভিডিওটি শেখ হাসিনার কোনো জনসমাবেশের নয়।

সুতরাং, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের সমাগমের ভিডিও দাবিতে ভারতের ওড়িশার রথযাত্রার ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা৷

তথ্যসূত্র

Share: