নাসীরুদ্দীন পাটওয়ারী ও নুসরাত তাবাসসুমের ব্যক্তিগত দৃশ্য দাবিতে ভিন্ন ব্যক্তিদের দৃশ্য প্রচার 

সম্প্রতি অনলাইনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের ছবির সাথে কোনো এক যুগলের তিনটি ব্যক্তিগত ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিগুলো নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে জুলাইযোদ্ধা নেত্রী নুসরাত তাবাসসুমের ব্যক্তিগত দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের ব্যক্তিগত দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেত্রী সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর এক পুরুষের সাথে ধারণকৃত ব্যক্তিগত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘কালবেলা’র ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৪ এপ্রিলে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি দৃশ্যের সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের তুলনা করলে মিল পাওয়া যায়। এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর আপত্তিকর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে’।

এছাড়াও, ‘আজকের পোস্ট’, ‘ঢাকা ওয়েব’সহ একাধিক ওয়েব পোর্টালে আলোচিত দৃশ্যের সংযুক্তিসহ সেসময়ে সংবাদ প্রকাশ হতে দেখা যায় যাতে দৃশ্যটি সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর বলা হয়। তবে চামেলীর সাথে থাকা পুরুষের পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া, চামেলীর সাথে থাকা পুরুষের মুখমণ্ডলের সাথে নাসীরুদ্দীন পাটওয়ারীর স্পষ্টত পার্থক্য লক্ষ্য করা যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে দৃশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী নেই।

সুতরাং, সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেত্রী সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর এক পুরুষের সাথে ধারণকৃত ব্যক্তিগত মুহূর্তের দৃশ্যকে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের ব্যক্তিগত দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: