সম্প্রতি, ‘মবের বাংলাদেশ (০৫ই) আগস্ট থেকে চলছে একজন মানুষকে মারতেছে বাকিরা দাড়াই দাড়াই দেখতেছে’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, গত ১৮ মে ভারতের ওড়িশা রাজ্যের বেরহামপুরে এক যুবক ও তার বান্ধবীকে পূর্ব শত্রুতার জেরে মারধর করেন দুই যুবক। সেই ঘটনার দৃশ্য এটি।
অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটে গত ১৯ মে “Man, woman beaten on road in Odisha’s Berhampur; viral video sparks backlash” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ওড়িশার বেরহামপুরের ব্রহ্মপুরে জনসমক্ষে এক যুবক ও তার বান্ধবীর উপর নৃশংস হামলা করা হয়েছে। এটি সেই ঘটনারই দৃশ্য।
উক্ত ঘটনা নিয়ে আরেক ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তির নাম উমেশ রথ। অভিযুক্তদের নাম– মুক্তেশ্বর কুমার সাহু ও আশীষ কুমার সাহু। দুই পক্ষের পূর্ব শত্রুতার জেরে এই মারধরের ঘটনা ঘটেছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ভারতের ওড়িশা রাজ্যের।
সুতরাং, ভারতের ওড়িশা রাজ্যে রাস্তায় দুই ব্যক্তিকে মারধরের ভিডিওকে সম্প্রতি বাংলাদেশের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।


