ঢাবির রোকেয়া হলের কথিত সমন্বয়কের মাতলামির দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘মদ্যপ অবস্থায় ঢাবির রোকেয়া হল সমন্বয়ক সিনথিয়া মেহজাবিনের মাতলামির চিত্র’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর নয়, এমনকি প্রচারিত ভিডিওটি বাংলাদেশেরও নয়। প্রকৃতপক্ষে, গত মার্চ মাসে ভারতের কেরালায় এক নারী এক পুরুষকে রাস্তায় মারধর করেন। উক্ত ঘটনার ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম জি নিউজের ওয়েবসাইটে গত ১৯ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এক তরুণী তার প্রেমিককে প্রতারণার অভিযোগে রাস্তায় ফেলে মারধর করেন। সেই ঘটনার ভিডিও এটি। তবে, এই প্রতিবেদনে ভারতের কোন স্থানের ঘটনা এটি সে-সম্পর্কে কিছু বলা হয়নি।

পরবর্তীতে ভারতীয় গণমাধ্যম এশিয়ানেট নিউজ এর ওয়েবসাইটে গত ০৫ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। এশিয়ানেট নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের কেরালার রাজধানী তিরুবনন্তপুরম (ত্রিভান্দ্রম) এর৷

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর মাতাল হয়ে রাস্তায় মারামারি করা সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ভারতের কেরালায় তরুণ-তরুণীর মারামারির ভিডিওকে ঢাবির রোকেয়া হলের কথিত সমন্বয়ক সিনথিয়া মেহজাবিনের মাতলামির দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: