পাঞ্জাবি-টুপি পরিহিত ব্যক্তিকে মারধরের ভাইরাল ভিডিও দুইটি বাস্তব নয়, সাজানো দৃশ্য

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তিকে হেলমেট পরিহিত আরেক ব্যক্তি মারধর করছেন, এমন দৃশ্য দেখানো দুইটি পৃথক ভিডিও ছড়িয়ে পড়েছে।

প্রথম ভিডিওটি প্রচার করে দাবি করা হয়, “এ ভাইটি বাঁচার জন্য পুলিশের কাছে আকুতি মিনতি করেছিল যে, আমাকে মাইরো না, ঘরে মা আছে, মা সন্তানহারা হয়ে যাবে। তাও তাকে মেরে ফেললো।” এই দাবিসহ একটি ভিডিওই ফেসবুকে ৬ লাখ ৫০ হাজারের বেশি বার দেখা হয়েছে।

একই দাবি টিকটক, ইনস্টাগ্রামথ্রেডসেও ছড়িয়ে পড়েছে।

দ্বিতীয় ভিডিওটি প্রচার করে দাবি করা হয়, “টুপি মাথায় দেওয়া মানুষ দেখলেই কি তাদের গায়ে আগুন ধরে যায়? তাদের দেখলেই কি মারতে ইচ্ছা করে? এটাই কি বাংলাদেশ?” এই দাবিসহ একটি ভিডিওই ফেসবুকে ১৩ লাখের বেশি বার দেখা হয়েছে। 
একই দাবি টিকটকইনস্টাগ্রামেও প্রচারিত হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওগুলো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, স্ক্রিপ্টেড বা সাজানো কনটেন্টকে আসল ঘটনার ভিডিও হিসেবে প্রচার করা হচ্ছে।

প্রথম ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘BJ Billal’ নামের একটি ফেসবুক পেজে আলোচিত ভিডিওটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ৭ ফেব্রুয়ারি প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত ব্যক্তি পাঞ্জাবি পরিহিত ব্যক্তির পাঞ্জাবির কলার ছেড়ে দিয়ে বলেন, “এই বাংলাদেশে যদি আইনব্যবস্থা এরকমই হয়, তাহলে মানুষ কোথায় গিয়ে স্বস্তি পাবে, সেটা বলবেন। এই রাজনীতিকে আমরা ঘৃণা করি। আমরা সুন্দর ও স্বস্তির একটি রাজনীতি চাই।”

পরবর্তীতে পেজটি পর্যবেক্ষণ করে ওই দুই ব্যক্তিকে নিয়ে প্রকাশিত আরও কয়েকটি ভিডিও

(,,,) পাওয়া যায়। পেজটির বায়ো বা পরিচিতি অংশে লেখা রয়েছে, “মজার মজার ভিডিও পেতে আমার পেজটি লাইক কমেন্ট ও ফলো করবেন।”

অর্থাৎ, এটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। বরং, অভিনয়ের মাধ্যমে নির্মিত কনটেন্ট।

দ্বিতীয় ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ওই ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়নি। তবে একই নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এতে বোঝা যায়, এই ভিডিওটিও অভিনয়ের মাধ্যমে তৈরি।

সুতরাং, সাজানো বা স্ক্রিপ্টেড দুইটি ভিডিওকে বাস্তব ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: