‘দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাত নিশ্চিত’ বলায় ব্যক্তিকে মারধরের দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর প্রেক্ষিতে সম্প্রতি, একজন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দাবিতে একাধিক দেশিয় গণমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হয়, ওই ব্যক্তি ‘দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাত নিশ্চিত’ শীর্ষক মন্তব্য করলে তিনি মারধরের শিকার হন।

গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত এমন ভিডিও দেখুন দৈনিক আমার সংবাদ, গণকণ্ঠ, টিভি১ বাংলা এবং দ্য মিরর

ইনস্টাগ্রামে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

একই ভিডিওটি প্রচার করে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারণা চালানো ব্যক্তিকে কথিত ছাত্রদল সভাপতি ঘুষি মেরেছেন বলেও দাবি করা হয়। ফেসবুকে প্রচারিত এমন ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো কিংবা তার প্রেক্ষিতে কথিত ছাত্রদল নেতার ওই ব্যক্তিকে মারধর করার কোনো সম্পর্ক নেই। অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখতে পাওয়া ব্যক্তিকে চুরির অভিযোগে মারধর করা হয়।

এ বিষয়ে অনুসন্ধানে অর্পন আচার্য্য নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ জানুয়ারি একই ভিডিওর একটি বর্ধিত সংস্করণ প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, মারধরের শিকার ওই ব্যক্তি পকেটমার চক্রের সদস্য। টাকার ব্যাগ চুরির সময় তাকে হাতেনাতে ধরা হয়। ঘটনাটি সাভারের সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় ঘটে বলেও পোস্টটির শিরোনাম থেকে জানা যায়।

পাশাপাশি ভিডিওতে শুনতে পাওয়া কথোপকথন পর্যালোচনা করেও তাদের কথার সাথে দাবিটির সংশ্লিষ্টতা পাওয়া যায়। কয়েকজনকে তার বিরুদ্ধে সরাসরি চুরির অভিযোগও করতে শোনা যায় ভিডিওতে। কিন্তু ভিডিওর কোথাও ওই ব্যক্তিকে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারণা চালানোর জন্যে মারধর করা হয়েছে এমন কোনো ইঙ্গিত বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়াও ওই ব্যক্তিকে মারধরকারীর পরিচয়ও জানা সম্ভব হয়নি। তাই তিনি ছাত্রদলের কোনো ইউনিটের সভাপতি কিনা তা জানা সম্ভব হয়নি।

সুতরাং, চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে মারধরের ভিডিওকে ‘দাঁড়িপাল্লায় ভোট দিলেই জান্নাত নিশ্চিত’ শীর্ষক মন্তব্য করায় জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারণাকারীকে মারধর করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Arpon Acharjee Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: