জামায়াতকে ভোট দেওয়া হারাম দাবি করে শফিকুল ইসলাম মাসুদ মন্তব্য করেননি

১৪ জানুয়ারি ন্যাশনাল খ্রিষ্টান ফেলোশিপ অব বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে বাংলাদেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না বলে খ্রিষ্টান সম্প্রদায়কে আশ্বস্ত করেন দলের আমির ডা. শফিকুর রহমান। এরই প্রেক্ষিতে, পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে উদ্ধৃত করে ‘যে দলের আমীর বলে আমরা ক্ষমতা গলে শরীয়াহ আইন বাস্তবায়ন করবোনা সে দলকে ভোট দেয়া হারাম, হারাম, হারাম।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ক্ষমতায় গেলে শরীয়াহ আইন বাস্তবায়ন করবেননা বলায় তাদের ভোট দেওয়া হারাম বলে মন্তব্য করেননি ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও শফিকুল ইসলাম মাসুদের এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। শফিকুল ইসলাম মাসুদের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে সংবাদ প্রচার হতো।
এছাড়া, ড. শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক অ্যাকাউন্ট, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, জামায়াতের আমীর ক্ষমতায় গেলে শরীয়াহ আইন বাস্তবায়ন করবেননা বলায় তাদের ভোট দেওয়া হারাম বলে ড. শফিকুল ইসলাম মাসুদ মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jugantor – ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না— বলেছেন জামায়াত আমির
- Dr. Md. Shafiqul Islam Masud – Facebook Page
- Rumor Scanner’s analysis

