জাইমা রহমানকে নিয়ে নুরের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে নুর বলেছেন, ‘জাইমা রহমানকে আমি আপন মায়ের মতো ভালোবাসি’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাইমা রহমানকে আমি আপন মায়ের মতো ভালোবাসি’ শীর্ষক মন্তব্য করেননি নুরুল হক নুর। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হ‌ওয়া দাবিটিকে নুরের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, নুরুল হক নুরের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, Lalmaiya TV নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়। পেজটি থেকে গত ২৪ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করা হয়। উক্ত ফটোকার্ডের নিচে বিজ্ঞাপন হিসেবে “HATE YOUR ONLINE GAYMENT WITH THE BEST METHOD,GayPal” লেখা রয়েছে, যা সাধারণত ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যবহৃত হয়।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না,আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।” পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (,,)।

সুতরাং, জাইমা রহমানকে নিয়ে নুরুল হক নুরের মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: