রাকসু জিএস আম্মারকে জড়িয়ে ভিপি জাহিদের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ একই ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে বলেছেন- “সালাহউদ্দিন আম্মারের মত আধাপাগলের সাথে একসাথে কাজ করা সম্ভব না”।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোস্তাকুর রহমান জাহিদ এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত মোস্তাকুর রহমান জাহিদ

এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupta Television’ নামের একটি ফেসবুক পেজে গত ০৩ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচার হতে দেখা যায়।

পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে ‘This is Gupto TV। একটি Satire & Parody platform । All contents are for entertainment purpose only। আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও Parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, মোস্তাকুর রহমান জাহিদের

ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ গত ০২ মে সালাউদ্দিন আম্মারকে জড়িয়ে দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে তিনি সালাউদ্দিন আম্মারের সমালোচনা করলেও আলোচিত মন্তব্যটি করেননি।

বিষয়টি অধিকতর নিশ্চিত হতে মোস্তাকুর রহমান জাহিদের সাথে যোগাযোগ করা হলে এমন কোনো মন্তব্য তিনি করেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।

সুতরাং, মোস্তাকুর রহমান জাহিদ “সালাহউদ্দিন আম্মারের মত আধাপাগলের সাথে একসাথে কাজ করা সম্ভব না” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: