ধানমণ্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানের জন্য নারীকে বিএনপি-জামায়াতের মারধর দাবিতে গাইবান্ধার ভিন্ন ঘটনা প্রচার

সম্প্রতি, ‘ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ি দেখতে গিয়ে, জয় বাংলা স্লোগান দেওয়ায় একজন সাধারণ মহিলাকে এভাবেই নির্যাতন করলো বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা।’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই৷ প্রকৃতপক্ষে, ২০২৫ সালের আগস্টে গাইবান্ধায় বাসে চাঁদাবাজির অভিযোগে হিজড়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে মারধরের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে ২০২৫ সালের ১২ আগস্ট ‘সাংবাদিক শিরিন আক্তার সাংবাদিক’ নামক ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি রংপুর জেলার পীরগঞ্জের ধাপেরহাট নামক বাসস্ট্যান্ডে বাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের দৃশ্য। রংপুর থেকে ঢাকাগামী একটি বাসে টাকা দাবি করলে উত্তেজিত যাত্রীরা দুইজন হিজড়াকে গণধোলাই দেয় বলে উল্লেখ করা হয়। ভিডিওতে একজন ব্যক্তি পুরো ঘটনাটির বর্ণনায় বলেন- ঢাকাগামী ওই বাসে একজন যাত্রীর কাছে হিজড়ারা টাকা দাবি করে। এসময় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে হিজড়ারা গাড়িতে উলঙ্গ হয়ে তাকে হেনস্তা করতে থাকে। পরবর্তীতে গাড়িটি ধাপেরহাট এলাকায় এলে উত্তেজিত জনতা হিজড়াদের গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দেয়।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে গুগল ম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণ করে রংপুর জেলার পীরগঞ্জে ধাপেরহাট বাসস্ট্যান্ড নামক কোনো স্থান খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে Tubelight Media নামক ফেসবুক পেজে ২০২৫ সালের ১৬ আগস্ট প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে একটি ভিন্ন ছবি সংযুক্ত থাকলেও ক্যাপশনে থাকা ঘটনার বিবরণ উল্লেখিত ভিডিওটির সাথে মিলে যায়। উক্ত ক্যাপশনে ঘটনাটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের ধাপেরহাট মহাসড়ক বাসস্ট্যান্ড এলাকায় ঘটেছে বলে উল্লেখ করা হয়।
গুগল ম্যাপের সহায়তায় জিওলোকেশন বিশ্লেষণ করে ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের ধাপেরহাট মহাসড়ক বাসস্ট্যান্ড এলাকাটি খুঁজে পাওয়া যায়।
সুতরাং, ধানমন্ডি ৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারীকে বিএনপি-জামায়াতের কর্মীর মারধর করেছে দাবিতে ২০২৫ সালে গাইবান্ধায় হিজড়াকে মারধরের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- সাংবাদিক শিরিন আক্তার সাংবাদিক – Facebook Post
- Tubelight Media – Facebook Post
- Google Maps – Location

