জামায়াতকে ভোট না দেওয়ার কারণে নারীর ওপর হামলার দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি ‘দাড়িপাল্লায় ভোট না দেওয়ায় নারীর ওপর শিবিরের হামলা’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে এক পুরুষকে একটি চেয়ার দ্বারা একজন নারীর ওপর আক্রমণ করতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ভোটদান না করার কারণে এক নারীর ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীর হামলার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশনরত নারীর ওপর ছেলের বড় ভাইয়ের হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Abbas blog 02’ নামক ফেসবুক পেজে গত ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে গেলে তার বড় ভাই ওই নারীকে মারধর করে। ভিডিওটি সেই ঘটনারই দৃশ্য।
একই ফেসবুক পেজে গত ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে পেজটির পরিচালনাকারী ব্যক্তিকে ওই ভুক্তভোগী নারীর বক্তব্য নিতে দেখা যায়।
ভিডিওটি থেকে জানা যায়, ঘটনাটি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে দফাদার বাড়িতে ঘটেছে৷ সেখানে আমেনা আক্তার নামক এক নারী নকিব নামের এক পুরুষকে বিয়ের দাবিতে নকিবের বাড়িতে অনশন অবস্থান নেয়। আমেনা ও নকিবের মধ্যে প্রেমের সম্পর্কের সূত্রে আমেনা বিয়ের দাবিতে সেখানে এলে নকিবের বড় ভাই তার ওপর হামলা করে। আমেনা আক্তারের বক্তব্যে জামায়াতের পক্ষে ভোট না দেওয়ার কারণে বা তার ওপর শিবিরের কোনো কর্মীর হামলার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, এ বিষয়ে কালের আলো ও Channel Bhola নামক পেজে প্রকাশিত পোস্ট থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, জামায়াতকে ভোট না দেওয়ায় নারীর ওপর শিবিরের হামলা দাবিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত প্রেমিকার ওপর হামলার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Abbas blog 02 – Facebook Post
- Abbas blog 02 – Facebook Post
- কালের আলো – Facebook Post
- Channel Bhola – Facebook Post

